ছবি : বাংলাদেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের আন্দোলন-সংগ্রাম এখনো শেষ হয়নি, গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে নেই। সম্ভাবনা কতটুকু বলতে চাই না।’
শনিবার (২৩ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পুরনো দিনের একটি গানের কথা মনে করতে চাই, এই পথ চলা যদি শেষ না হতো- কেমন হতো বলো তো' উল্টো দিক থেকে আসে, তুমিই বলো? আমি প্রধান উপদেষ্টাকে বলব, এই পথ চলা যদি শেষ না হয়, কেমন হবে, আপনিই ভাবুন, আপনিই বলুন, আপনিই উত্তর দিন।’
গয়েশ্বর বলেন, ‘ভোটের অধিকার কেমন হবে, সারা বাংলাদেশের মানুষ শেষ খেলাটা দেখার জন্য অধীর আগ্রহে আছে। মানুষ ভোটটা দিয়ে প্রমাণ করতে চায় গণতন্ত্র আছে।’
তিনি বলেন, ‘মানুষ সংস্কার কম বোঝে, তারা বোঝে জিনিসপত্রের দাম বেশি। মানুষ চিৎকার দেয় কবে মাদকমুক্ত হবে দেশ, কবে সন্ত্রাসমুক্ত হবে। সুতরাং মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে। তারা সংস্কারের মধ্যে বারবার ঢুকতে চায় না। সংস্কার প্রয়োজন তাদের, যারা দেশ চালায়। তারা যেন মুক্তমনা হয়, তারা যেন স্বার্থপর না হয়।’
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের কথা মনে করি, 'ব্যক্তির চেয়ে দল বড়-দলের চেয়ে দেশ বড়। আমরা এই কথা মনে করে দেশ চালাই।’
তিনি ছাত্র আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তারা মুক্তিযোদ্ধা। এই দেশ, এই মাটি যতদিন আছে, তাদের রক্তের ঋণ পরিশোধ হবে না। যদি সেই ঋণ রক্ত দিয়ে পরিশোধ হয়ও, কিন্তু আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছি, যে স্বাধীনতার আহ্বান শহীদ জিয়াউর রহমান করেছেন, স্বাধীন গণতন্ত্র, বৈষম্যহীন সমাজব্যবস্থা, ন্যায়বিচারের দেশ-সেই দেশ কিন্তু এখনো হয়নি।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
এসএল/এমইউ

