সুন্দরগঞ্জে ছয় পা-বিশিষ্ট বাছুর দেখতে জনতার ভিড়
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৩:২৪
ছয় পা-বিশিষ্ট বাছুর দেখতে উৎসুক জনতা ভিড় করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক খামারির গাভী ছয় পা-বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। সাধারণভাবে বাছুরের চার পা থাকলেও ওই বাছুরের ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এ বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন বাছুরটি দেখতে।
এ বিষয়ে গরুর মালিক খামারী জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুরের জন্ম হওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয় পা হওয়ার কারণে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত বাছুরটি সুস্থ আছে। অন্যান্য বাছুরের ন্যায় স্বাভাবিক চলাচল করছে।’
স্থানীয় পশু চিকিৎসকরা জানিয়েছেন, ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। সেও অন্যান্য গরুর মতো স্বাভাবিক চলাচল করতে পারবে। তবে এর আকৃতি ভিন্ন রূপ ধারণ করবে।
এআর/এমইউ

