Logo

সারাদেশ

দেশ অচল করে দেওয়ার হুমকি ইটভাটা মালিকদের

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৯:৫২

অ
দেশ অচল করে দেওয়ার হুমকি ইটভাটা মালিকদের

ছবি : বাংলাদেশের খবর

ঈদের পর সারাদেশে রাস্তাঘাট বন্ধ করে দেশ অচল করে দেওয়া হবে এবং ভ্যাট, ট্যাক্সও পরিশোধ করবেন না বলে হুমকি দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফিরোজ হায়দার খান এই হুমকি দেন।

তিনি বলেন, ‘দেশের সাড়ে ৮ হাজার ইটভাটায় ৫০ লাখের বেশি শ্রমিক কাজ করছে। একটি চক্র এই শ্রমিকদের পথে বসাতে চক্রান্ত করছে। আমরা চাই জিগজ্যাগ ব্যতীত ইটভাটায় নিয়ম অনুযায়ী অভিযান হোক, কিন্তু আগামীতে জিগজ্যাগ ভাটায় যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে তা প্রতিহত করা হবে।’

এরআগে, জিগজাগ ইটভাটায় হয়রানি ও মোবাইল কোর্ট বন্ধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মির্জাপুর সরকারি এস. কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ইউএনও কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইটভাটার মালিকসহ দুই সহস্রাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেয়।

উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে দেন- বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আমানউল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ভাটা মালিক ছানোয়ার হোসেন, জুলহাস মিয়া প্রমুখ।

সমাবেশ শেষে সাত দফা দাবিতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের হাতে তুলে দেন।

রাব্বি ইসলাম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন