Logo

সারাদেশ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বহিষ্কার বিএনপি নেতা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:৩২

অ
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বহিষ্কার বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপির এক নেতা বহিষ্কার হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাতে মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে পুলিশের হাতে আটক হওয়া ছাত্রলীগ নেতা রাকিব হাসানকে ছাড়াতে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপির ওই নেতা। 

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, রাকিব হাসানকে পুলিশ আটক করলে খবর পেয়ে বিএনপি নেতা সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হলে পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা দলের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলামকে মাওনা ইউনিয়ন বিএনপির ৫নম্বর ওয়ার্ড সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

এদিকে, বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম দাবি করেছেন, তিনি গাজীপুর জেলা ছাত্রদলের নেতা রিফাত মোড়লের ফোন পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে তিনি পুলিশের সঙ্গে আলোচনা করে রাকিবকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের প্রমাণ দেখানোর পর তিনি ফিরে আসেন।

মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আইনি কাজে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

  • আতাউর রহমান সোহেল/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন