শাহজাহান ওমরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
রাজাপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১২
ছবি : সংগৃহীত
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামিকে করে ৫৩ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় আরোও একটি মামলা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
জানা গেছে, শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হোসেন শহিদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা, কাঁঠালিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল মিয়াজি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. সুমন সিকদার, বড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন সুরু মিয়াসহ ৫৩জন। এছাড়াও ১৫০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের (৩০ নভেম্বর) বৃহস্পতিবার বাইপাস মোড় এলাকায় রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় সংগঠনের কর্মী সমাবেশে উল্লেখিত আসামিরা লোহার রড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা, চায়নিজ কুড়াল, হ্যানা, অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য গেটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে দলীয় অফিসের সামনে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া উপজেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। ওইদিন সকালে বাড়িতে আসার পথে রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় তার বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মো. জাকির হোসেন/এমআই

