ময়লা পানিতে প্লেট-গ্লাস ধোয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৩
চাঁদপুর শহরে ময়লা পানিতে প্লেট-গ্লাস ধুয়ে খাবার পরিবেশসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ খাবার, অপরিচ্ছন্নতা ও খাবারের মূল্য তালিকা না থাকায় শহরের শহীদ মিনার সংলগ্ন চাপ আড্ডা ঘর এবং সুলতান শেফ নামে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নুর হোসেন বলেন, ‘চাপ আড্ডা ও সুলতান শেফে অভিযান পরিচালনা করে তাদের খাবারের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, উৎপাদন তারিখ ছাড়া বনরুটি দিয়ে বার্গার তৈরি, মূল্য তালিকা না থাকা এবং ময়লা পানিতে প্লেট ও গ্লাস ধুয়ে তা পরিবেশনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। চাপ আড্ডা ঘরকে ৫ হাজার টাকা এবং একই সময়ে সুলতান শেফ এ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বনরুটি দিয়ে বার্গার তৈরি, পোড়া তেল সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা আনসার ব্যাটালিয়ন চাঁদপুরের একটি দল। ভোক্তার স্বার্থ সুরক্ষায় বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এবি/এমইউ

