ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:৪৩
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।
গ্রেপ্তার এমএ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ৪টি ছাত্র-জনতা হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় আহত ও নিহতের স্বজনরা একাধিক মামলা দায়ের করেছেন। এমন চারটি মামলার আসামি এম এ মালেক। মামলা দায়ের হওয়ার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।
হাসান ভুঁইয়া/এটিআর

