সেতুর নিচে হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৪:৫৪
কুমিল্লার দেবিদ্বারে একটি সেতুর নিচের বিল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষতবিক্ষত লাশটির হাত-পা ও চোখ-মুখ বাঁধা ছিল। শুক্রবার (৭ মার্চ) সকালে সেই নারীর পরিচয় মিলেছে বলে জানান পুলিশ।
নিহতের নাম শাহনাজ বেগম (৫২)। তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর নতুন দীঘি পাড়ের মো. শাহ আলমের স্ত্রী। পেশায় বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। চিকিৎসার জন্য বের হয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর তার লাশ মিলেছে ব্রিজের নিচে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার রাতে থানায় এসে মায়ের লাশ শনাক্ত করে তার সন্তানেরা।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর কালভার্টের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ওই নারীর লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
দেবিদ্বার থানার ওসি বলেন, উদ্ধারকৃত মৃত নারীর বয়স ৩৫ থেকে ৪০ হবে। মরদেহের হাতেপায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল।
ধারণা করা হচ্ছে বুধবারই ওই নারীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের সেতুর ওপর থেকে বিলে ফেলে দিয়ে যায়।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নারীর পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এখন তার পরিবার খবর পেয়ে এসে লাশ শনাক্ত করতে পেরেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

