দুই স্বামীর সঙ্গে সংসার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৪
এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে করতেই বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন জয় করে চলেছিলেন দুই স্বামীরই। প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চার বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৭ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে সাগর শেখ ও আলীপুর গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস। বাবা, মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই বসবাস করতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে চার মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল।
প্রথম স্বামী সাগরের দাবি, প্রায় দুই বছর ধরে তার সঙ্গেও স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল।
বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী। আর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি।
বাইরে দাঁড় করিয়ে রেখে তার মা হাসিনা বেগম বলেন, সাগরের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়েছিল৷ তবে, দুই মাস পরে তারা আলাদা হয়ে যায়।
হাসিনা বেগমের দাবি, মেয়ে না বুঝে ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলে। এই ঘটনার চার-পাঁচ মাস পর তার আবার বিয়ে দেওয়া হয়।
জান্নাতুল ফেরদৌসের প্রথম স্বামী সাগর পেশায় একজন ইউটিউবার আর দ্বিতীয় স্বামী বিএসসি ইঞ্জিনিয়ার।
কাজী আব্দুল কুদ্দুস/ওএফ

