আশুলিয়ায় সংবাদ সংগ্রহকালে ২ সাংবাদিক হেনস্তার শিকার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:৫৯
ঢাকার আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক বাধার সম্মুখীন হওয়ার পাশাপাশি হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়ার ভাদাইল পবনারটেক রূপায়ণ মাঠ সংলগ্ন শরিফের মালিকানাধীন ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে মাই টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান ও দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম অনিককে সংবাদ সংগ্রহে বাধা প্রদানসহ হেনস্তা করা হয়।
সংবাদকর্মী জাহিদুল ইসলাম অনিক বলেন, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। আগুনের খবর শুনে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে ঝুটের গোডাউন সংশ্লিষ্টরা আমাদের বাধা প্রদান করে এবং একপর্যায়ে হেনস্তা করে।
তিনি আরও বলেন, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের বিষয়টি জানাজানি হলে সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমরা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসান ভুঁইয়া/এমবি

