Logo

সারাদেশ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ ভাইসহ নিহত ৩

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:০১

অ
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ ভাইসহ নিহত ৩

লাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে । ছবি : সংগৃহীত

মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইসহ মোট তিনজন নিহত হয়েছেন। 

শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত দুই ভাই হলেন- সাইফুল সরদার (৪০) ও আতাবুর সরদার (৩০)। তারা খোয়াজপুর টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে। 

এই ঘটনায় বিকেল ৩টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ সরদার (১৭)। পলাশ সরদার একই এলাকার মুজাম সরদারের ছেলে। 

এদিকে এই ঘটনার সময়ই নিহতদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শাজাহান খার সাথে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার দুপুরে শাহজাহান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এ সময় সাইফুল সরদার ও তার ভাই আতাবুর সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ সময় আহত হন আরও অন্তত ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানিয়েছেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন