Logo

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, নারীসহ আহত ৪

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:৫০

অ
নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, নারীসহ আহত ৪

বরগুনার তালতলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।

এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগি পরিবার সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৮ মার্চ) বেলা ১টার দিকে জেলার তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে হামলার বিচার দাবি করেন তারা।

এর আগে, শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ছোটবগী ইউনিয়নের বেথীপাড়া এলাকার দেলোয়ার হোসেন ও তার চাচাতো ভাই হারুন গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দেলোয়ার গংরা আদালতে মামলা দায়ের করেন এবং আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন, যার মাধ্যমে জমির মালিকানা সম্পর্কিত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জমি দখল করতে নিষেধ করা হয়।’

‘কিন্তু শুক্রবার বিকেলে হারুন গংদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জমি দখল নিতে যায় এবং সীমানা প্রাচীরের পিলার স্থাপন করতে শুরু করে। এতে বাধা দিলে তারা দেশীয় অস্ত্রদিয়ে দেলোয়ার ও তার পরিবারকে আক্রমণ করে। এ সময় হামলাকারীরা মোবাইল ফোনসহ প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয় এবং আহতদের বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় তালতলী হাসপাতালে পাঠায়।’

ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, প্রতিপক্ষের লোকজন এখন তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি দখলমুক্ত করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 

এ বিষয়ে অভিযুক্ত হারুন জানান, ‘হিন্দু বাড়িতে চাঁদাবাজি করতে গেলে মারধরের ঘটনা ঘটে। জমি নিয়ে কোনো ঘটনা ঘটেনি।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মিজানুর রহমান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন