মসজিদে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না, ২ ভাইসহ নিহত ৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:২২
হাসপাতালে কাঁদছেন নিহতের স্বজনরা
মাদারীপুরের সদর উপজেলায় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে আপন দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
নিহতরা হলেন, খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও তার বড় ভাই আতাউর সরদার। অপরজন হলেন, প্রতিবেশী মুজাম সরদারের ছেলে পলাশ সরদার।
আহতদের মধ্যে রয়েছেন, সাইফুলের চাচাতো ভাই অলিল সরদার, আজিজুল হকের ছেলে তাজেল সরদারসহ আরও কয়েকজন। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে একই এলাকার শাজাহান খানের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন। খবর পেয়ে সাইফুলের বড় ভাই আতাউর ও প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ও আতাউর নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় পলাশ সরদারকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, শাজাহান খানের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। নিহতরা জীবন বাঁচাতে মসজিদে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি।
তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এসআর শফিক স্বপন/এটিআর

