Logo

সারাদেশ

আ.লীগ নেতা শিমুকে গ্রেপ্তারে রাতভর অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:১৯

অ
আ.লীগ নেতা শিমুকে গ্রেপ্তারে রাতভর অভিযান

সাবেক প্রাণীসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ সামসুদ্দোহা শিমুকে গ্রেপ্তারে ঢাকায় রাতভর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল। 

রাজধানীর ভাটারার সাঈদনগর আবাসিক এলাকায় শিমুর বাড়িতে শনিবার (৮ মার্চ) রাতে ভাটারা থানা ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে আওয়ামী লীগ নেতা শিমু কৌশলে পালিয়ে যান।

শিমু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নেতা শিমুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে এবং আজ হোক অথবা কাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে।’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘শনিবার দিবাগত রাত ১টার পরে আমরা সুনির্দিষ্ট তথ্য ও আসামি আওয়ামী লীগ নেতা শিমুকে ধরতে অভিযান পরিচালনা করি । কিন্তু তার বাড়ির দারোয়ান এবং স্ত্রী-কন্যার মাধ্যমে আসামি পুলিশের কাজে বারবার বাধার সৃষ্টি করে এবং আলো নিভিয়ে কৌশলে পালিয়ে যায়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামি ধরা পুলিশের নিয়মিত কাজের অংশ । আমরা সেই কাজ করব।’

উল্লেখ্য, শাহজালাল ব্যাংকের জনসংযোগ বিভাগের সাবেক কর্মকর্তা সামসুদ্দোহা শিমু বিভিন্ন সময়ে সবুজবাগ থানা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। বর্তমানে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা । সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে শিমু আব্দুর রহমানের পক্ষে ফরিদপুর-১ আসনে বাপক তৎপরতা চালান । শিমু নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও দুজনে একসঙ্গে তোলারাম কলেজে ছাত্রলীগের নেতা ছিলেন ।

এইচকে/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন