দুর্নীতিবাজ লোক সংসদে স্থান পাবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এ. কে. এম. আমিনুল হক।
শনিবার (২৩ নভেম্বর) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকার মৌলভীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ লোক দলে স্থান পাবে না, সংসদেও স্থান পাবে না। এ সমস্ত লোককে পরিহার করে দেশপ্রেমী লোক দিয়েই তিনি নির্বাচন করানোর ব্যাপারে বদ্ধপরিকর।’
এই বিএনপি নেতা বলেন, ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মানুষকে কষ্ট দেয়, তাদেরকে পরিহার করুন। তাদের থেকে আপনারা দূরে থাকুন, এটি আমার অনুরোধ। যারা সৎ ও চরিত্রবান, মানুষের জন্য চিন্তা করবে, তাদেরকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘বিগত ১৬ বছরের স্বৈরশাসনের নিপীড়নের শিকার হয়ে দেশের মানুষ আজ দিশাহারা। মানুষের বাকস্বাধীনতা ছিল না। মানুষ নানা রকমের হয়রানির শিকার হয়ে দুর্বিষহ কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করেছে।’
তিনি বলেন, ‘অনেকেই হামলা ও মামলার শিকার হয়ে পালিয়ে বেড়িয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকার মানুষকে নানা কায়দায় সীমাহীন কষ্ট দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের ছাত্র-জনতা ও বিএনপির সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশকে ভালোর দিকে এগিয়ে নিতে চেষ্টা করব।’
এসএস/এমজে

