Logo

সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ ২ জন আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৪

অ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ ২ জন আটক

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ৫৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ একজন এবং অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আরেকজনকে আটক করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) তলুইগাছা এবং ভোমরা সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় তলুইগাছা বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা শহরের খুলনা রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে ভাদিয়ালী সীমান্তের দিকে যাওয়ার পথে সাতানি গ্রামের তজিবুর রহমানকে (৪৩) আটক করা হয়। তার কাছ থেকে ৫৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা।

অভিযানে আরও উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, নগদ ৭২ হাজার ৫০০ টাকা এবং দুইটি মোবাইল ফোন। পরে স্বর্ণের বারসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং স্বর্ণগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই দিনে ভোমরা সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা খুলনার পাইকগাছার বাসিন্দা রাজু আহমেদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে। বিজিবির তথ্য অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ ধাওয়া করলে তিনি ফিরে আসার চেষ্টা করেন এবং বিজিবির হাতে আটক হন। বিএসএফ ধাওয়ার সময় রাজুকে লাঠি দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে।

বিজিবি রাজুকে আটক করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে। লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, স্বর্ণ পাচার এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এসব পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

আব্দুস সামাদ/এইচকে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন