‘মানুষের প্রত্যাশার কারণে জামায়াতের দায়িত্ব বেড়েছে’
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মানুষের প্রত্যাশার জায়গা বেড়ে যাওয়ায় কারণে জামায়াতের দায়িত্বও বেড়েছে।’
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিউ ট্রাকরোডে চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা শাখার আমির ও সেক্রেটারিদের মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থীদেরকে মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে নিজেদেরকে জামায়াতের প্রার্থী বলে পরিচয় দিতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সব মানুষকে জামায়াতের সংগঠনে শামিল করতে হবে।‘
মোবারক হোসাইন বলেন, ‘চাঁদপুর জেলার সরকারি অফিসগুলোর সব ধরনের সেবা কার্যক্রম যেন সাধারণ মানুষের জন্য নির্ধারিত হয়, সেদিকে জামায়াত নেতাকর্মীদের দৃষ্টি রাখতে হবে। সেবামূলক কাজে আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া।
এবি/এমজে

