ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকী সমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমরান চৌধুরি তাদের জামিন মঞ্জুর করেন।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক দুই এমপি কারামুক্ত হন। আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অপরদিকে, গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলাসহ আরও দুটি মামলা ছিল। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
বিইউ/এমজে

