Logo

সারাদেশ

এক সপ্তাহে বাজার নিয়ন্ত্রণে যুগ্ম সচিবের মডেল উপস্থাপন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৫

অ
এক সপ্তাহে বাজার নিয়ন্ত্রণে যুগ্ম সচিবের মডেল উপস্থাপন

ছবি : প্রতিনিধি

সারাদেশেই প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। জীবনধারণের জন্য দৈনন্দিন চাহিদার দ্রব্য-সামগ্রী কিনতে দিশেহারা সাধারণ মানুষ।

যখন কোনোভাবেই দ্রব্য মূল্যের লাগাম টানতে পারছে না সরকার। তখনই দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উপস্থাপন করেছেন যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন।

যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) হিসেবে কর্মরত আছেন। তার উদ্ভাবন মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর পর তা বিশ্লেষণের মধ্য দিয়ে পাঠানো হয় মন্ত্রী পরিষদ বিভাগে।

সেখান থেকে গত ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উক্ত পত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান । এটি দেশব্যাপী বাস্তবায়ন করা গেলে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হবেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন।

তিনি বলেন, ‘গ্রাম থেকে শহর, উপজেলা থেকে জেলা-বিভাগ, রাজধানী পর্যন্ত মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ কৌশল তুলে ধরা হয়। সেখানে প্রতিটি পর্যায়ে নিত্যপণ্যের দাম হবে যৌক্তিক, আবার ক্ষতিগ্রস্ত হবেনা প্রান্তিক কৃষকও। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হলে আমাদের দেশ খুব অল্প সময়ে অনেক বেশি মাত্রায় এগিয়ে যাবে। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেলটিতে সরকারের অর্থ ব্যয় হবেনা, অতিরিক্ত জনবলের প্রয়োজন নেই, নতুন আইন তৈরির দরকার নেই। এটি সাধারণ মানুষের সহজ বোধগম্য ও তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব হবে।’ 

উল্লেখ্য, কাজী আবেদ আলী এর আগে প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার মডেল প্রস্তুত করেছিলেন। যা ২০১১ সাল থেকে দেশে বাস্তবায়িত হচ্ছে।

শেখ আবু তালেব/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন