মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৪:৪৪
কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা মহানগর শাখার সভাপতি, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল নেমেছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপচে পড়া ভিড়ের কারণে অনেকেই অংশ নিতে পারেননি। পরে বিকাল ৩টায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কসবা মধুপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজার নামাজে ইমামতি করেন রাজাপুর দরবার শরীফের পীর নাদিমুর রশিদ আল ক্বাদেরী।
মুফতি মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি এ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমদ মোমতাজীসহ কুমিল্লা জেলা ও মহানগর জমিয়াতের নেতারা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, প্রিন্সিপাল আব্দুল মতিন ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি কুমিল্লা শহরতলীর চানপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

