সৈকতে ভেসে আসছে অজস্র মৃত ঝিনুক, উদ্বেগে পরিবেশ কর্মীরা
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৫:২৮
ছবি : বাংলাদেশের খবর
কুয়াকাটার চর গঙ্গামতি সমুদ্র সৈকতে অজস্র ছোট ছোট মৃত ঝিনুক ভেসে আসছে। সৈকতের ধুধু বালুচরে ছড়িয়ে থাকা সাদা ঝিনুক সৌন্দর্য বাড়ালেও, এর কারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষক ও পরিবেশ কর্মীরা।
স্থানীয় জেলেরা জানান, আগে বড় ঝিনুক ভেসে আসত, যা বিক্রিও করা যেত। তবে এবার খুব ছোট আকারের ঝিনুকের খোলস এসেছে, যা কোনো কাজে আসে না।
পরিবেশ কর্মী মেজবাহ উদ্দিন মাননু বলেন, প্রতি বছরই ঝিনুক ভেসে এলেও এবার পরিমাণ অনেক বেশি। এর কারণ বৈজ্ঞানিকভাবে অনুসন্ধানের দাবি জানাচ্ছি। পাশাপাশি, এসব খোলস পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু জানান, সমুদ্রের পানির তাপমাত্রা ও লবণাক্ততা বেড়ে যাওয়াসহ পরিবেশগত নানা কারণে ঝিনুক মারা যেতে পারে। তবে ল্যাব গবেষণা ছাড়া সঠিক কারণ নির্ণয় সম্ভব নয়।
জাহিদ/বিএইচ

