কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:০২
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল-কালিকাপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার আছমত আলীর ছেলে রফিক (৪৪), একই এলাকার মালেকের স্ত্রী লুৎফা (৩৩), তৈয়ব আলীর ছেলে সাজু (৩৩), আশরাফ আলীর ছেলে সফর খান (৩৭) ও মনিরের স্ত্রী শানু (৩২)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে অটোরিকশাটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রেন অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। এসময় গুরুতর আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আজিজুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এছাড়াও আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই/এইচকে/এনআর/

