ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে মিলল যুবকের মরদেহ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১০
ঝিনাইদহের শৈলকুপায় নিজের দোকান থেকে মানিক হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর এলাকার ফাজিলপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মানিক মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।
নিহত মানিকের বড় ভাই মনিরুল ইসলাম বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দোকানের শাটার বন্ধ। দোকানের সামনে গেলে দেখি দোকানে তালা মারা নেই। তখন শাটার উঁচু করে দেখি মানিক মেঝেতে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ বলা যাচ্ছে না, তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।’
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির বাসার বলেন, ‘নিহত অনিকের গলায় দাগ রয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তবে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘মানিক নামের এক যুবকের মরদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মানিকের মৃত্যু কীভাবে হয়েছে, তার কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।’
বিইউ/এমজে

