সংবাদ সম্মেলনে অভিযোগ
বেশিরভাগ সময় বন্ধ থাকে বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্র
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৪
বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্রের পরিচালক হোসাইন মোহাম্মদ ইউনুছের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনা হয়। সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে পুনরুজ্জীবিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘প্রত্যন্ত বান্দরবান জেলায় দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের মহৎ লক্ষ্য নিয়ে ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ১৯৮৭-৮৮ সনে বান্দরবান সদর উপজেলার বনরূপা এলাকায় “ইসলামী শিক্ষা কেন্দ্র” নামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। নির্মাণের পর ১৯৮৯-৯০ সনে “ইসলামী শিক্ষা কেন্দ্র” চালু হয়।’
তারা বলেন, ‘প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর আমাদের ছেলেমেয়েরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে, এ আশায় অত্যন্ত আশান্বিত হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।
বক্তারা আরও বলেন, ‘ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার কিছুদিন পর তারই ছেলে হোসাইন গায়ের জোরে তার পৈত্রিক সম্পত্তির মতো ইসলামী শিক্ষাকেন্দ্রের পরিচালকের পদটি দখল করে নেন। বর্তমানে তিনি তার বিশ্বস্ত ও অনুগত লোকজন নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেন।’
প্রতিষ্ঠানটি বেশিরভাগ সময় বন্ধ থাকায় নামাজ পড়তে অসুবিধা হয় উল্লেখ করে বক্তারা বলেন, ‘পরিচালকের সুযোগ নিয়ে হোসাইন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, অদক্ষ পরিচালনা ও শিক্ষাকেন্দ্রের সম্পদ ব্যক্তিগতভাবে আত্মসাৎ করছেন। ফলে ইসলামী শিক্ষা কেন্দ্র বর্তমানে একটি অকার্যকর ও অচল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার নির্দেশে ইসলামী শিক্ষাকেন্দ্রে নির্মিত সুবিশাল দরজাটিও বেশিরভাগ সময় বন্ধ রাখা হয়। এতে নামাজিরা নামাজ পড়তে বাধার সম্মুখীন হন।’
এ সময় বান্দরবাসীর পক্ষ থেকে ইসলামী শিক্ষাকেন্দ্রের বর্তমান স্বৈরতান্ত্রিক, অর্থ আত্মসাৎকারী পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা এবং জেলা প্রশাসককে পদাধিকার বলে সভাপতি করে বান্দরবান জেলার সচেতন ইসলামী ব্যক্তিবৃন্দ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে ইসলাম শিক্ষা কেন্দ্র পরিচালনা করার দাবি জানান নাগরিকসমাজ।
সংবাদ সম্মেলনে বান্দরবানের সর্বস্তরের নাগরিক সমাজের মধ্যে মো. মজিবর রহমান, মো. আবুল বশার, মো. জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকেএন/এমজে

