সরাইলে ফসলি জমির মাটি কাটার ধুম
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে চলছে ফসলি জমির মাটি কাটার ধুম। প্রকাশ্যে এসব মাটি কাটা চললেও প্রশাসনের তেমন কোনো তৎপরতা না থাকায় মাথা উঁচিয়ে চলছেন অসাধু মাটি ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধরন্তি আকাশী বিলের পূর্ব উত্তর পাশে ৭টি এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে সেই মাটি ১০/১২টি ট্রাক্টরে করে পাঠানো হচ্ছে ইটভাটায়। এছাড়াও এই মাটি নৌকা দিয়ে বিভিন্ন উপজেলায় পাঠানো হচ্ছে।
জানা যায়, মাটি ব্যবসায়ীরা ধরন্তি আকাশী বিলে ৭টি ভেকু নামিয়েছে মাটি কাটার জন্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একদল মাটি কাটে,আরেকদল বন্ধ রাখে। এইভাবে চলতে থাকে মাটি কাটা।
কৃষিবিদদের মতে, জমির উপরিভাগের চার থেকে ছয় ইঞ্চি (টপ সয়েল) গভীরের মাটিতেই মূল পুষ্টিগুণ থাকে। মূলত মাটির এই স্তরে ফসল উৎপাদিত হয়। ফলে এই স্তর কেটে নেওয়ায় জমির উর্বরশক্তি নষ্ট হয়। এজন্য অতিরিক্ত সার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তাছাড়া কৃষিজমি উপরের এ টপ সয়েল হারিয়ে ফেললে তা স্বাভাবিক হতে প্রায় ১০-১২ বছর লাগে।
মাটি ব্যবসায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে স্থানীয় কৃষকরা বলছেন, যেসব জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে তার পাশের জমিগুলোতেও কয়েক বছর ফসল উৎপাদন করা সম্ভব হবে না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে আমরা এই দুই ইটভাটার মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছি। ।
এদিকে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার কথা স্বীকার করেছেন মাটি ব্যবসায়ী রমজান ও মুক্তার । ইটভাটার মালিক রাসেল বলেন, মাহিন্দ্র ট্রাক্টরে করে জমির মাটি আশা ইটভাটায় নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। খবর নিয়ে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিমন খান/এটিআর/এনআর/

