Logo

সারাদেশ

শ্রীপুরে বনের জায়গা উদ্ধারে যৌথবাহিনীর অভিযান, আহত ১০

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৯

অ
শ্রীপুরে বনের জায়গা উদ্ধারে যৌথবাহিনীর অভিযান, আহত ১০

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অবৈধ দখলে চলে যাওয়া প্রায় ৬ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬নভেম্বর) বন বিভাগের সমন্বয়ে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলী গ্রামে এই অভিযান চালানো হয়। 

সকাল থেকে শুরু হওয়া অভিযানটি সন্ধ্যা পর্যন্ত চলে। দুপুর তিনটার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার প্রায় ৬ একর বনভূমি উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। এর মধ্যে ১১৮টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। 

এসময় ইজ্জতপুর বাজারে যৌথবাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে প্রশাসনের ৫জনসহ মোট ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। 

এদিকে, অভিযানকালে কাফিলাতলী গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা তাদের ঘরবাড়ির ধ্বংসযজ্ঞ দেখে অচেতন হয়ে পড়েন। জাহানারা খাতুন নামের এক নারী নিজের ঘর গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখে বিলাপ করতে করতে বলেন,‘আমার মত অসহায় এই দুনিয়ায় নাই। থাকার জায়গা নাই বইলাই খাস জায়গার মধ্যে একটা ঘর তুলছিলাম। আমারে পথে বসাইয়া দিল। বনে লোকজনকে টাকা দিয়েও ঘরটা টিকাইতে পারলাম না।’

অপর বাসিন্দা মো. মরিয়ম আক্তার বলেন, ‘ঘরবাড়ি যেভাবে ইচ্ছা সেভাবে ভাঙতেছে। আমগোরে কথা বলার সুযোগ দিতাছে না। আমরা আমাদের সন্তান-সন্তুতি নিয়ে এখন কই যামু। পরিবারের পুরুষ সদস্য এসে কথা বলতে চাইলে আইনের লোকজন ভয় দেখায়।’

ঢাকা বন বিভাগের সরকারি বন সংরক্ষণ ( এসিএফ) মো. শাসুল আরেফিন বলেন, ‘ওই গ্রামের লোকজনকে গত তিনদিন ধরে মাইকিংসহ সশরীরে এসে বুঝিয়েও স্থাপনা সরানো যায়নি। তাই বাধ্য হয়ে যৌথ বাহিনীর অভিযানে সবকিছু উদ্ধার করতে হচ্ছে।’ 

তিনি বলেন,‘বন বিভাগের জমি অবৈধভাবে দখলে রাখতে দেওয়া হবে না। এই অভিযান নিয়মিত চলবে।’ আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান এই কর্মকর্তা। 

এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন