ছবি : বাংলাদেশের খবর
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে।
দিনটি উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থানে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজশাহী
রাজশাহীতে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও আধাসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বুধবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ বছর রমজানের ছুটির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ থাকায় আনুষ্ঠানিক কার্যক্রম সীমিত ছিল। তবে, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাতে নানা আয়োজন করেছে।
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার সকাল থেকে চেঙ্গী স্কোয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণির মানুষ ভিড় করেন। ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
শহীদ মিনারে প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ড ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি-বেসরকারি দপ্তরের সদস্যরা শ্রদ্ধা জানান। দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে নানা আয়োজন পালিত হয়।

পটুয়াখালী
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে।
সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোকসজ্জার মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উদযাপনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল উৎসবমুখর ও গৌরবময়।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ ও ৭১ এর বদ্ধভূমির বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্যরা।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে প্রেসক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন ও মহাসচিব এস এম সাব্বিরের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামরুল হাসান, অর্থসচিব হাচানুল বান্না, দপ্তর সচিব পলাশ সিকদার ও অন্যান্য সদস্যরা। পরে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শিবচর
মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিএনপি ও বিভিন্ন প্রতিষ্ঠান দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।
সকালেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। কুচকাওয়াজ ও বিজয় মিছিল শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে টঙ্গীবাড়ী প্রেসক্লাব। বুধবার সকাল ৯টায় প্রেসক্লাব আহ্বায়ক মো. সুমন চোকদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম পিন্টু, সদস্যসচিব সামসুদ্দিন তুহিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। দিনটি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

খানসামা
দিনাজপুরের খানসামা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর এক আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা স্বাধীনতার চেতনাকে ধারণ করার আহ্বান জানান। উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সম্মানে ঈদ উপহার প্রদান করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, ওসি নজমূল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৬ মার্চ সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুর
মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আখতার খানম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। গাংনী উপজেলা ও মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, তাড়াশ থানা, উপজেলা বিএনপি, স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থা। পুষ্পস্তবক অর্পণের পর শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়। সকাল ৮টায় হ্যালিপ্যাড মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
-67e3d1eb1fb32.jpg)
বীরগঞ্জ
দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জিবরিল আহম্মেদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।
এমবি/ওএফ/এমআই

