পিরোজপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে অর্থ উপহার
স্মরণসভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১১:২০
পিরোজপুর প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় | ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরে জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের পরিবারের মাঝে নগদ অর্থ উপহার দেওয়া হয়।
বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় বক্তব্য রাখেন পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির মো. তাফাজ্জেল হোসাইন ফরিদ।
এ সময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা ও ৫ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় পিরোজপুরে নিহত মো. রফিকুল ইসলাম, মো. এমদদুল হক, মো. আবু জাফর হাওলাদার, মো. মামুন খন্দকার ও মো. হাফিজুল সিকদারের পরিবারের সদস্যদের নগদ অর্থ উপহার দেওয়া হয়। এছাড়াও জেলায় আহত ৬৫ জনকেও জেলা প্রশাসন এ উপহার দেয়।
সৈয়দ বশির আহম্মেদ/বিএইচ

