মুন্সীগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১১:২৮
মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘অন্যায়ভাবে’ শ্রমিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন দুই শতাধিক শ্রমিক।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় হাসান রাবার ফ্যাক্টরির শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, গত ২১ অক্টোবর হাসান রাবার ফ্যাক্টরি সিও'র পদত্যাগসহ বেতন বৈষম্য নিরসন দাবিতে তারা কর্মবিরতি পাল করেন। পরবর্তী সময়ে মালিক পক্ষের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে গিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছেন।
কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ আন্দোলনরত শ্রমিকদের তালিকা করে বিভিন্ন কারণে তাদের চাকরিচ্যুত করছেন। এমন কি তাদের সঙ্গে রূঢ় আচরণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে কারখানার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে অপরাগত প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, ‘সকালে কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে ইতোমধ্যে অনেকগুলো নিয়ম ভঙ্গ করেছেন শ্রমিকরা। গত কয়েকদিন আগে বিদ্যুৎ ছিল না উপজেলাজুড়ে, ওই সময় গজারিয়ার সব কারখানার বন্ধ ছিল।’
তিনি আরও বলেন, ‘তাদের সিস্টেম এরকম কাজ বন্ধ থাকলে পরবর্তী সময়ে তারা এডজাস্ট করে নেবেন। কিন্তু এটা যেন এডজাস্ট না করে এক শ্রমিক উত্তেজিত করেছে অন্য শ্রমিকদের।’
তিনি বলেন, ‘সে যদি কারখানার নিয়ম ভঙ্গ করে বা জড়িত হয়ে থাকে, তাহলে কারখানার কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করলে আমাদের বক্তব্য নেই। ঘটনাস্থলে আমার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত আছে।’
আবু সাঈদ/এমজে

