Logo

সারাদেশ

সিলেটে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৩:২৮

অ
সিলেটে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল-জালাল থেকে রুকন ওরফে লুকমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

লুকমান সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত ইয়ারুজ আহমদ চৌধুরীর ছেলে। 

পুলিশ জানায়, লুকমানের ভিটেমাটি নেই। তিনি গত জানুয়ারি থেকে আল-জালাল হোটেলের একটি কক্ষে প্রতিদিন ১০০ টাকা ভাড়ায় বসবাস করছেন। তিনি ক্যানসার রোগে আক্রান্ত। কোনো কাজ-কর্ম করতেন না। প্রবাসী স্বজনরা টাকা দিলে তা দিয়ে জীবন নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতেও তিনি তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন।

কিন্তু সকাল থেকে লুকমানের কক্ষের দরজা না খোলায় বিকালে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে বিছানা থেকে তার লাশ উদ্ধার করেন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘এটি একটি স্বাভাবিক মৃত্যু। নিহতের বোনের বাড়ি সিলেটের শাহপরাণ এলাকায়। লাশ উদ্ধারের পর তাকে খবর দেওয়া হয়েছে। চাইলে আবেদন ও অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে দাফন করতে পারবে।’

ডালিম রেজা/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন