Logo

সারাদেশ

কুমিল্লায় সেই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:৫৩

অ
কুমিল্লায় সেই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।  

আবদুল হাইয়ের ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়ার অভিযোগ, রাত ১টার দিকে জামায়াত-শিবির সমর্থক সালাহ উদ্দিন আতিক ও আরিফুর রহমানের নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়। তারা রামদা, কিরিচ ও লাঠিসোঁটা দিয়ে ঘরের দরজা-জানালা ও ফটক ভাঙচুর করে।  

তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বরে একই চক্র আমার বাবার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেছিল। পরে আমাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়। সেই ঘটনার মামলাটি তুলে নেওয়ার জন্য আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছিল। মামলা প্রত্যাহার না করায় এবার বাড়িতে হামলা চালানো হয়েছে।’ 

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু বলেন, ‘জামায়াত-শিবির কর্মীরা আমাকে বাঁচতে দেবে না। তারা বৃহস্পতিবার রাতে দরজা ভেঙে ভেতরে ঢুকতে পারলে আমাকে হয়তো মেরে ফেলত। রমজানের শেষে প্রশাসনের আশ্বাসে ঈদ করতে বাড়িতে ফিরেছিলাম। কিন্তু আসার পর থেকেই তারা হুমকি দিচ্ছে। আগের মামলাটি প্রত্যাহার না করলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জামায়াতের কারও সম্পৃক্ততার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’  

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় মোটরসাইকেলে আসা হামলাকারীরা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধার পরিবারের নিরাপত্তার জন্য বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।’

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ২২ ডিসেম্বর স্থানীয় জামায়াত সমর্থক আবুল হাসেম ও অহিদুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়। প্রথমে জামায়াত দলটির সংশ্লিষ্টতা অস্বীকার করলেও, পরে দল থেকে আবুল হাসেম ও অহিদুর রহমানকে বহিষ্কার করা হয়। ওই ঘটনায় আবদুল হাই ১০ জনকে আসামি করে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। তবে আসামিরা জামিনে মুক্ত রয়েছেন।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন