কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু, বাবা আহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে বাবা ও মেয়ে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৬ বছর বয়সী কিশোরী মারা যায় এবং তার বাবা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। নিহত কিশোরীর মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো নিহত কিশোরীর পরিচয় নিশ্চিত করা যায়নি।’
দেলোয়ার হোসেন/এমআই

