বাগেরহাটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক নারীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৫
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এক নারীর মৃত্যু হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের সময় ফায়ার সার্ভিসের সদস্য অনিক আহত হন।
এ পাঁচতলা বিশিষ্ট ভবনে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ বিভিন্ন কোম্পানির শোরুম রয়েছে। ৫ তলায় একটি বাসাবাড়ি ছিল। ব্যাংকগুলোতে অনেকটা ক্ষয়ক্ষতি হলেও বেশিরভাগ ব্যাংক অক্ষত রয়েছে। তবে এক নারীর মৃত্যুর কারণ ধোঁয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ওই নারী পাঁচতলা থেকে নিচে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি।’
শেখ আবু তালেব/এমআই

