Logo

সারাদেশ

অ্যাড. কালাম হত্যা

প্রধান আসামির পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৬

অ
প্রধান আসামির পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী

আসামি মো. বাচ্চু মিয়া (ওরফে কালা বাচ্চু)।

কুমিল্লায় আলোচিত অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. বাচ্চু মিয়া (ওরফে কালা বাচ্চু) পক্ষে কুমিল্লা আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি। 

সোমবার বাচ্চু (৬ এপ্রিল) মিয়াকে আদালতে হাজির করার পর তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। পরবর্তীতে বিচারক দ্রুত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

গত ৩০ মার্চ কুমিল্লা লালমাই বিজয়নগর এলাকা থেকে যৌথবাহিনী বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে। তিনি আবুল কালাম আজাদ হত্যা মামলার অন্যতম আসামি।  

এ বিষয়ে কুমিল্লা বারের সিনিয়র আইনজীবীরা জানিয়েছেন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ছিলেন একজন সদালাপি ও ভদ্র আইনজীবী। তাকে হত্যার ঘটনায় কুমিল্লা বারের আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েছেন, বাচ্চু মিয়াসহ আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না এবং শুনানিতে অংশ নেবেন না।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া কুমিল্লার শীর্ষ চাঁদাবাজ হিসেবে পরিচিত। তিনি অবৈধ সিএনজি স্ট্যান্ড পরিচালনা করতেন এবং ভারত সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।  

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল ও সহিংসতার সময় আদালতে যাওয়ার পথে হামলার শিকার হন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং অন্যান্য আইনজীবীরা। ওই হামলায় আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন