কক্সবাজার
কেএফসি, পিৎজা হাটে ইট-পাটকেল নিক্ষেপ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৪
কক্সবাজার শহরে এক বিক্ষোভ মিছিল থেকে কেএফসি, পিৎজা হাটসহ কয়েকটি দোকানের সাইনবোর্ড লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৭ এপ্রিল) কক্সবাজার সদরের কলাতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশের মতো কক্সবাজারেও বিক্ষোভ সমাবেশ হয়। সকাল সাড়ে ১১টায় বিভিন্ন পেশার মানুষ মিছিল নিয়ে প্রথমে পাবলিক লাইব্রেরির দৌলত ময়দানে জড়ো হয়।
পরে সেখান থেকে কলাতলী মোড়ে যাওয়ার পথে কেএসসি ও পিৎজা হাট ব্রাঞ্চটি সামনে পড়ে। এসব ইসরায়েলি পণ্য দাবি করে বিক্ষোভ মিছিল থেকে ওই সব দোকানের সাইনবোর্ড লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েক শ’ মানুষ জড়ো হয়ে ভবনটির দোতলা ও তিন তলায় কেএফসি, পিৎজা হাট দোকানকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। এতে দোকানের কাঁচ ভেঙে যেতে দেখা যায়।
তবে কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানিয়েছেন, ঘটনাস্থলে কোনো ভাঙচুর হয়নি। উত্তেজিত জনতা শুধুমাত্র কেএফসি, পিৎজা হাট, কোক, পেপসির লোগো দেখে ঢিল ছুড়েছে।
কোনো দোকানের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি বলেও তিনি নিশ্চিত করেছেন। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি ক্ষুব্ধ জনতা আশেপাশের কয়েকটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালিয়েছে।
ডিআর/বিএইচ

