খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য, মসজিদের ইমাম গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১২
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। তার ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুরের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি সাভার উপজেলার আশুলিয়ায় একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি পেইজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের কমেন্টস বক্সে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ উঠে মো. এবাদুল ইসলামের বিরুদ্ধে। শনিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম ফেইসবুক ব্যবহারের সময় এটি দেখেন। পরে তিনি এ ঘটনায় গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মো. আতাউর রাহিম নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলাটি করেছেন। মামলার পর গতকাল রাতেই অভিযান চালিয়ে বরিশাল জেলার উজিরপুর থেকে আসামি মো. এবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএইচএস

