ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:২৫
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরে ফারাবী ডিলাক্স পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা-ছেলেসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ যাত্রী।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের জোয়াইড় এলাকার শরীফ জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘কেল ৩টা পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ।’
নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার শেখরকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সরদার (৭০) ও তার ছেলে ইমান সরদার (৩৩), নগরকান্দার কাঠিয়া বড়গ্রামের বাসিন্দা রাজীব খানের স্ত্রী দীপা খান (৩৪), ফরিদপুর সদরের চর চাঁদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী ভারতি সরকার (৪২), চরভদ্রাসন উপজেলার গাজীটেক গ্রামের বাসিন্দা খালেক চৌধুরীর ছেলে আলম চৌধুরী (৪২), ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা লতিফ ব্যাপারির স্ত্রী ফজিরন নেসা (৪০) এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের জহিরউদ্দিনের ছেলে আজিবর উদ্দিন (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারাবী ডিলাক্স পরিবহনটি (ঢাকা মেট্রো-জ-১১-০০৬৬) গোপালগঞ্জের মুকসুদপুর থেকে নগরকান্দা হয়ে ফরিদপুর আসছিল। আসার পথে বাসটি ফরিদপুর সদরের জোয়াইড় এলাকায় শরীফ জুটমিল সংলগ্ন মহাসড়কে দ্রুতগতিতে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের পিলারে ধাক্কা খায়। এর পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত ৩৫ যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা সেখানে ৫ জনকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে আরও দুইজন মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাঁধন সরকার (২৫) নামে এক আহত যাত্রী বলেন, ‘বাসটি বেপরোয়া গতিতে চলছিল এবং যাত্রীরা বার বার চালককে সাবধান করার পরও তিনি কারও কথা শোনেননি।’
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাসের গতি ৮০ কিলোমিটারের বেশি ছিল। এ ধরনের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘গাড়িটি দ্রুতগতির ছিল এবং একটি পরিবহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।’
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা প্রদান করা হবে।’
অপূর্ব অসীম/এমআই

