Logo

সারাদেশ

‘মানুষের ভাগ্য পরিবর্তনে জামায়াতের বিকল্প নেই’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০২:০০

অ
‘মানুষের ভাগ্য পরিবর্তনে জামায়াতের বিকল্প নেই’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, ‘আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আইনের শাসন থাকবে, মানুষ খাদ্যে কষ্ট পাবে না, সুবিচার পাবে। ঘরে কুরআনভিত্তিক আইন প্রতিষ্ঠা হবে। তাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে জামায়াত ইসলামীর বিকল্প নেই।’

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সব হত্যার বিচার করতে হবে। বাংলার মানুষ আজ এই স্বৈরাচারের বিচার চায়। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সাথে সমস্ত দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে। দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে। ন্যায়বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে গেছে। শুধু তাই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। তাই দেশের জনগণ শেখ হাসিনার বিচার চায়।’

দ্বীন মোহাম্মদ বলেন, ‘গত ১৬ বছর আমরা কথা বলতে পারিনি। আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের গুণী মানুষদের হত্যা করেছে, কুরআনের আইন প্রতিষ্ঠা করতে দেয়নি। কিন্তু তারা আজ কোথায়? অত্যাচারী জালিমদের আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।’

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষ ভালো থাকবে তিনি বলেন, ‘গত ১ আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহর হুকুমে তার ৪ দিন পরেই ৫ আগস্ট তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই স্বৈরাচারকে দেশে এনে সব হত্যার বিচার করে শহীদদের রক্তের মূল্য দিতে হবে।’

কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের যুদ্ধ শেষ হয়নি। আর যাতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার চিন্তা করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ 

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে, সেক্রেটারি মেহেদী হাসান নাজির ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ রবিউল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলার সাবেক আমির আব্দুর রহিম পাটোয়ারী প্রমুখ।

আল আমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন