Logo

সারাদেশ

ইসরায়েলি হামলার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৪:১৪

অ
ইসরায়েলি হামলার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরপৌনে ১২টার দিকে জমঈয়তে আহলে হাদিস, জমঈয়তে শুব্বানে আহলে হাদিস এবং সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণে শরীফবাগ মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর মাঠে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তৃতা করেন ধামরাই শরীফবাগ কামিল মাদ্রাসার হাদিস বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদিসের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, ঢাকা জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদিসের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুর ইসলাম এবং জমঈয়তে আহলে হাদিসের ঢাকা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী।

বক্তারা বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব আজ চুপ করে বসে আছে। এই নীরবতা ভাঙতে হবে। গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে।’ 

তারা ইসরায়েলি পণ্যের বর্জনের আহ্বান জানান এবং ইসলামের নামে আবেগে পড়ে কোনো ধরনের ভাঙচুর না করার জন্য সতর্ক করেন।

সমাবেশে অংশ নেওয়া অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তোলার আহ্বান জানান।

নবীন চৌধুরী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন