Logo

সারাদেশ

বরিশালে সাক্ষ্য দিতে এসে ওসির মৃত্যু

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:০৬

অ
বরিশালে সাক্ষ্য দিতে এসে ওসির মৃত্যু

বরিশালে আদালতে সাক্ষ্য দিতে এসে মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইর আহমেদ।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের সদর রোডে অবস্থানকালে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৯ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বীরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে ওসি জুবাইর আহমেদকে দাফন করা হয়।

জুবাইর আহমেদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার বাবার নাম আহম্মেদ হোসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জুবাইর আহমেদ আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, জুবাইর আহমেদ সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের চাকরিতে যোগ দেন ২০১১ সালে ৩২তম আউটসাইড ক্যাডার ব্যাচের উপপরিদর্শক হিসেবে। এরপর বরিশালের বানারীপাড়া থানাতেও কাজ করেছেন তিনি।

 এ বিষয়ে কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আরাফাত বলেন, ‘ওসি জুবাইর ছুটিতে ছিলেন এবং ব্যক্তিগত কাজে বরিশালে গিয়েছিলেন। আদালতে তার সাক্ষ্য দেওয়ার বিষয়ে কিছু জানি না।’

জুয়েল খান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন