গাজীপুর সাফারি পার্কের ৬ কর্মকর্তা-কর্মচারীকে বদলি
শ্রীপুর ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:০৫
গাজীপুরের সাফারি পার্কের ছয়জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমীন আক্তার।
ডিএফও জানান, সম্প্রতি পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার আনিসুর রহমানকে রাজশাহী এবং ফরেস্টার মো. হারুনুর রশিদকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। এ ছাড়া জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. মামুনকে বদলি করা হয়েছে ক্রাইম কন্ট্রোল ইউনিটে। তবে বাকি তিনজন কর্মচারীর বদলির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, এই বদলি আদেশ একেবারেই নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ। সাফারি পার্কের কোনো ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত ২৩ মার্চ সাফারি পার্ক থেকে তিনটি বিরল প্রজাতির লেমুর চুরি হয়। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।
এ প্রসঙ্গে বুধবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

