Logo

সারাদেশ

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৩৯

অ
বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

পটুয়াখালীর বাউফলে হাট ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলার মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা ১৪৩১ সনের মমিনপুর হাটের ইজারা পান স্থানীয় বিএনপির সক্রিয় সদস্য রুবেল সরদার।অপরপক্ষের আব্দুল কুদ্দুস গংরাও ইজারায় অংশ নিয়েছিলেন, তবে তারা ইজারা পাননি। নতুন ইজারাদারদের আগামী ১৫ এপ্রিল থেকে ইজারা তোলার জন্য ইউএনও অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর প্রেক্ষিতে গতকাল রাতে রুবেল সরদার ও তার সহযোগীরা হাটে হাসিল আদায় করতে গেলে কুদ্দুস গংয়ের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তারা হলেন, আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতি (৫২), জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০)। এর মধ্যে গুরুতর আহত কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতি (৫২) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি, তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফুল ইসলাম সাগর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন