চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী বেশি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:৪৭
সারাদেশের মতো একযোগে চট্টগ্রাম শিক্ষাবোর্ডেও বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। তবে এবারের পরীক্ষায় ছেলে শিক্ষার্থীর চলে মেয়ের সংখ্যা ১৭ হাজার বেশি। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ২৪ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছে ১১৩ জন শিক্ষার্থী। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছে ৭৯ হাজার ১৬২ জন। ছাত্র ৬১ হাজার ৭৬৫ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে, প্রশ্নপত্র ফাঁস ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে রয়েছে বোর্ড।
- এএইচএস/এমজে

