সাভারের আশুলিয়ার আলোচিত ফেসবুকে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে আশুলিয়া থানায় শিশু আইন-২০১৩ অনুসারে মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভার উপজেলার আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের জন্য কাজ করাসহ বিভিন্ন ধরণের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করে পোস্ট দেন।
গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেলে ৪টার দিকে একটি ভিডিও পোস্ট করেন যা পরবর্তীতে ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে (আনুমানিক ২ বছর) জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি তার ছেলেমেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারি দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পর ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পরেছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। আসামিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরিফুল ইসলাম সাব্বির/ওএফ

