লালমনিরহাটে হাসপাতাল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশেদ লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
লালমনিহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুর নবী জানিয়েছেন, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় ঢাকার লালবাগ থানায় করা মামলা এবং মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামী রাশেদ। এ ছাড়া লালমনিরহাটে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় আরও তিনটি মামলা রয়েছে তার নামে। রাশেদকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এমজে

