দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই : কৃষি উপদেষ্টা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:২৫
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। সরকার ইতোমধ্যে ধান, চাল ও গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছে—ধানের মূল্য ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গমের মূল্য ৩৬ টাকা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের দেখার হাওরে বোর ধান কর্তন উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কয়েক দিনের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। অথচ মাত্র ধান কাটা শুরু হয়েছে- এ অবস্থায় কৃষকরা কিছুটা শঙ্কায় আছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষক শঙ্কায় থাকলে সংশ্লিষ্ট বাঁধ প্রকল্পের প্রকৌশলীরাও সমানভাবে শঙ্কিত থাকবেন। কোনো সিন্ডিকেট যদি ধান বিক্রিতে বাধা সৃষ্টি করে বা কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, তাহলে তা জানাতে হবে—সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, কৃষকরা দেশে উৎপাদন বাড়িয়ে দেশকে বাঁচিয়ে রাখছে। অথচ কৃষকদের সবসময় বঞ্চিত করে রাখা হয়। এ বছর আলু ফসল ভালো হয়েছে। কিন্তু কৃষকরা দাম পায়নি। ধানের নায্যমূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে কৃষক বঞ্চিত না হয়।
এই উপদেষ্টা বলেন, এবার যেন কোনো মধ্যস্বত্বভোগী কৃষকদের ব্যবহার করে ফায়দা না লুটে, সে জন্য সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে। কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে কৃষকদের উন্নয়নের কথা ভাবতে হবে।
- আব্দুল হালিম/এমজে

