বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় মাসুমা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:৩৮
বাবার লাশ বাড়িতে রেখে চোখের জল মুছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা বেগম নামে এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই গ্রামে এমন ঘটনা ঘটে।
মাসুমা বেগম পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এসএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই ঘটে তার জীবনের সবচেয়ে বেদনার ঘটনা।
জানা গেছে, বুধবার রাতেই মাসুমার বাবা রাকিব আলী (৫০) হঠাৎ নিজ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাবার এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে মাসুমা।
তবে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত হলে বছরটি নষ্ট হয়ে যাবে—এমন চিন্তায় পরিবারের সদস্যরা কষ্টের মাঝেই মেয়েটিকে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, ‘মাসুমা মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু আমরা চেয়েছি তার ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য অনেক কষ্ট হলেও তাকে পরীক্ষার হলে পাঠাতে হয়েছে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান বলেন, মাসুমার বাবার মৃত্যুর খবর পাওয়ার পর রাতেই আমরা শিক্ষকরা তার বাড়িতে যাই। সে একেবারে ভেঙে পড়েছিল। সকালে আত্মীয়-স্বজনদের সহায়তায় তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সকাল ১১টায় রাকিব আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
আব্দুল হালিম/এমবি

