আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৩
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত বুধবার রাতে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জেরে শুক্রবার সকালে আবারো দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নতুন করে ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের ঘটনার জের ধরে শুক্রবার সকালে আবারও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আমরা এলাকায় টহল দিচ্ছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’
এম বুরহান উদ্দীন/এমআই

