অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুট
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:০৪
ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের ওপর ‘সাভার পরিবহন’-এর একটি বাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সাভারের ব্যাংকটাউন বাসস্ট্যান্ড থেকে ঢাকার দিকে যাত্রা শুরু করলে তিনজন যুবক যাত্রী সেজে বাসটিতে ওঠে। বাসটি ব্যাংকটাউন ব্রিজের ওপর পৌঁছালে তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে তারা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।
বাসের এক যাত্রী ও সাভার প্রেসক্লাবের সদস্য তায়েফুর রহমান জানান, ‘ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেইন ও লক্ষাধিক টাকার লকেট ছিনিয়ে নিয়েছে। তারা অন্য নারী যাত্রীদের কাছ থেকেও মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাসটির চালক ও সহকারী এ ঘটনায় জড়িত থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ছিনতাইকারীদের পরিচয় জানা যেতে পারে।’
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান চলছে। গেন্ডা এলাকায় আমাদের টহল টিম ঘটনাকালীন সময়েই মোতায়েন ছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’
হাসান ভুঁইয়া/এমআই

