নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:০৩
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের দুই নারী ও এক শিশুর খণ্ডবিখণ্ড বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া বড় বাড়ি সংলগ্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিব (৩)।
স্থানীয়রা জানান, নিহতরা এখানকার স্থানীয় বাসিন্দা। গত ৪ দিন যাবৎ তারা নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার দুপুরে নিজ বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত স্বপ্নার বড় খালা শিরিন বেগম বলেন, ‘আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে সংসার করে আসছিল। আর স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। ৪ দিন যাবত তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েদের খুন করা হয়েছে। লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারে প্রায় সময় ঝগড়া লাগতো। আমরা এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘স্থানীয়রা রাস্তার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে। এর মধ্যে দুইটি নারীর এবং একটি শিশুর।’
তিনি আরও বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনা নিহত লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।[’
এন বি আকাশ/এমআই

